ভোটের আগের দিন কুষ্টিয়ায় আতঙ্ক: ভোটকেন্দ্রের পাশেই মিলল বোমা’র ব্যাগ

0
ভোটের আগের দিন কুষ্টিয়ায় আতঙ্ক: ভোটকেন্দ্রের পাশেই মিলল বোমা’র ব্যাগ

কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকতেই কুষ্টিয়ার কুমারখালীতে একটি ভোটকেন্দ্রের কাছ থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নিকটবর্তী এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় রাজমিস্ত্রি ফরিদ খান কেন্দ্রের পাশের নির্জন স্থানে দুটি মুখবন্ধ ব্যাগ পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় তিনি স্থানীয়দের জানালে দ্রুতই খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে এলাকাবাসী প্রশাসনকে অবহিত করে।

খবর পাওয়ার পরপরই কুমারখালী থানা পুলিশ এবং দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা এলাকাটি ঘিরে ফেলেন এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যাগ দুটি থেকে লাল টেপ মোড়ানো ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেন। উদ্ধারের পর বস্তুগুলো নিরাপদ হেফাজতে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, বস্তুগুলো আসলে কী তা নিশ্চিত হতে বিশেষজ্ঞ দলের সহায়তা নেওয়া হচ্ছে। তিনি বলেন, “নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই কেউ এগুলো রেখেছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

বানিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগামীকাল ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ঘটনার পর কেন্দ্রটিতে বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সেনাবাহিনী ও বিজিবির টহল জোরদার করা হয়েছে যাতে ভোটাররা আতঙ্কিত না হয়ে নির্ভয়ে কেন্দ্রে আসতে পারেন।