রংপুর-৪ আসনে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এনে ফল পুনঃগণনার আবেদন করলেন বিএনপি প্রার্থী ভরসা

0
রংপুর-৪ আসনে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এনে ফল পুনঃগণনার আবেদন করলেন বিএনপি প্রার্থী ভরসা

জয়নাল আবেদীন: রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে রংপুর-৪ আসনে এগারো দলীয় জোট প্রার্থী, এনসিপির আখতার হোসেনকে বিজয়ী করার অভিযোগ এনেছেন বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা।

শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের ডাকবাংলো অফিসে প্রার্থী ভরসা ভোট পুনঃগণনার আবেদন জানিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ শাহানের কাছে রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগপত্র দেন। এ সময় ভোট পুনঃগণনার আবেদন করেন ওই আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী উজ্জ্বল চন্দ্র রায়। বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার অভিযোগ, ভোটের দিনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী আখতার হোসেনের বিরুদ্ধে মব তৈরী করে ফলাফল তার পক্ষে নেয়াসহ ধানের শীষে সাড়ে ৮ হাজার ভোট বাতিল করিয়েছেন। তিনি বলেন, বৃহস্পতিবার ভোটের দিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রতিদ্বন্দ্বি আখতার হোসেন মব তৈরীসহ প্রশাসনের সহযোগিতায় ভোট ইঞ্জিনিয়ারিং করেছে। ফল পুনঃগণনার জন্য আমি আবেদন দিতে সকাল ১১টায় ডিসির বাংলাস্থ অফিসে এসেছি।

কিন্তু ডিসি আমার ফোন রিসিভ করেননি এবং বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আমার সাথে কেউ দেখা করতে আসেনি। আমি ডিসি সাহেবের সাথে নির্বাচনকালীন সময় একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু তিনি আমাকে কোন ধরনের সহযোগিতা করেননি। ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমার ফলাফল পরিবর্তন করা হয়েছে। তিনি আরও বলেন, ফলাফল না আসাসহ সঠিক বিচার না পেলে সাধারণ জনগণকে নিয়ে আন্দোলন থেকে মহাআন্দোলন গড়ে তোলা হবে।

আমি নিশ্চিত ভোট পুনঃগণনায় সঠিক ফলাফল বের হয়ে আসবে। বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী উজ্জ্বল চন্দ্র রায় বলেন, ভোটের দিন প্রতিপক্ষ প্রার্থী মব তৈরী করে নির্বাচনের ফলাফল পরিবর্তন করেছেন। আমিও চাই ভোটের ফলাফল পুনঃগণনা হোক। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ শাহান বলেন, ভোট পুনঃগণনার আবেদনটি পেয়েছি। তা রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে দেয়া হবে।