আগামীর চ্যালেঞ্জ অর্থনীতি ও সুশাসন: বিজয়ের পর ঢাকায় ফিরে প্রথম রোডম্যাপ দিলেন মির্জা ফখরুল

0
আগামীর চ্যালেঞ্জ অর্থনীতি ও সুশাসন: বিজয়ের পর ঢাকায় ফিরে প্রথম রোডম্যাপ দিলেন মির্জা ফখরুল

বাংলাদেশ প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়ে আগামী সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও থেকে ঢাকা ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নতুন বাংলাদেশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন।

মির্জা ফখরুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিএনপি নেতৃত্বাধীন আগামী সরকারের প্রথম এবং প্রধান কাজ হবে স্থবির হয়ে পড়া অর্থনীতিকে সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দুর্নীতি নির্মূল এবং দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।

নির্বাচনী ফলাফল নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিএনপি মহাসচিব কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন: “এই ফলাফল যেমন আনন্দময়, তেমনই বিষাদময়। আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না—এটিই আমাদের সবচেয়ে বড় আক্ষেপ।”

তিনি আরও উল্লেখ করেন, শত শত ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে অর্জিত এই গণঅভ্যুত্থানের পর একটি স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়েছে, যা গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় মাইলফলক হয়ে থাকবে।

নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি এবং দলটির ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত সময় ও জনগণের ইচ্ছানুযায়ী নির্ধারিত হবে।

বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান মির্জা ফখরুল। সেখানে তিনি দলের চেয়ারম্যান এবং আগামী সরকারের কাণ্ডারি তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান। এই সময় সেখানে উপস্থিত ছিলেন দলের নীতিনির্ধারক পর্যায়ের শীর্ষ নেতারা:

২৯৯টি আসনের মধ্যে ২০৯টিতে (বেসরকারি ফলাফল অনুযায়ী) জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিএনপি। দলটির এই বিপুল বিজয় কেবল একটি ক্ষমতার পালাবদল নয়, বরং ছাত্র-জনতার আকাক্ষার প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এখন মির্জা ফখরুলের ঘোষিত এই ‘চ্যালেঞ্জ’গুলো মোকাবিলা করাই হবে নতুন সরকারের প্রধান পরীক্ষা।