শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের চরকৈজুরি গ্রামের লামিয়া সরকার (১৫) নামে দশম শ্রেণীর স্কুল ছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মৃত লামিয়া ওই গ্রামের সাইদুল সরকারের মেয়ে এবং চর কৈজুরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে শাহজাদপুর পুলিশ ঘটনাস্থল থেকে নিহত স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে। নিহতের বড় ভাই বেল্লাল হোসেন জানান, লামিয়া মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছিল। প্রায় সময়ই সে মোবাইল ফোনে টিকটক ও ফেসবুক নিয়ে ব্যস্ত থাকতো। মোবাইল ফোনের আসক্তি কমাতে লামিয়ার বাবা তাকে নিয়মিত নামাজ পড়ার পরামর্শ দেন। কিন্তু অনেক চেষ্টা করেও তাকে মোবাইল আসক্তি থেকে ফেরানো যাচ্ছিল না।
একপর্যায়ে রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে সাইদুল সরকার মেয়ে লামিয়াকে শাসন ও গাল-মন্দ করেন। পরদিন সকালে লামিয়াকে তার শোবার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার স্বজনরা। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। বাবার উপর অভিমান করে লামিয়া আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে স্কুল ছাত্রী লামিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

