তারেক রহমানই হচ্ছেন ত্রয়োদশ সংসদের নেতা ও প্রধানমন্ত্রী: শপথ নিলেন নবনির্বাচিত এমপিরা

0
তারেক রহমানই হচ্ছেন ত্রয়োদশ সংসদের নেতা ও প্রধানমন্ত্রী: শপথ নিলেন নবনির্বাচিত এমপিরা

বাংলাদেশ প্রতিবেদকঃ এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় সূচিত হলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শপথ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই দিনে সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সকালে সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষ হওয়ার পরপরই তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল নবনির্বাচিত সংসদ সদস্য করতালি ও পূর্ণ সমর্থনের মাধ্যমে তারেক রহমানকে সংসদ নেতা হিসেবে নির্বাচিত করেন। এর ফলে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব গ্রহণ এখন সময়ের ব্যাপার মাত্র।

মঙ্গলবার বেলা পৌনে ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে উৎসবমুখর পরিবেশে এই শপথ অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণ শেষে সংসদ সদস্যরা নিয়ম অনুযায়ী শপথপত্রে স্বাক্ষর করেন। উল্লেখ্য, অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ‘সংবিধান সংস্কার পরিষদ’ নিয়ে দলের অবস্থান ব্যাখ্যা করেন এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত জানান।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানের জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিএনপি সূত্র জানিয়েছে, তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া এই নতুন সরকার জনআকাঙ্ক্ষা পূরণ এবং সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনে বিশেষ গুরুত্ব দেবে। আজ সন্ধ্যায়ই জানা যাবে কারা হচ্ছেন নতুন মন্ত্রিসভার সদস্য এবং কার কাঁধে কোন দপ্তরের দায়িত্ব পড়ছে।