মান-অভিমান শেষে শপথ নিলেন জামায়াত ও স্বতন্ত্র এমপিরা; কাটল সংসদীয় অচলাবস্থা

0
মান-অভিমান শেষে শপথ নিলেন জামায়াত ও স্বতন্ত্র এমপিরা; কাটল সংসদীয় অচলাবস্থা

বাংলাদেশ প্রতিবেদকঃ অবশেষে কাটল ত্রয়োদশ জাতীয় সংসদের শপথ অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া নাটকীয়তা। বিএনপির দেখানো পথে হেঁটেই আপাতত ‘সংবিধান সংস্কার পরিষদ’ বাদ দিয়ে শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

সকালে বিএনপির সংসদ সদস্যরা ‘সংবিধান সংস্কার পরিষদে’র শপথ বর্জন করলে জামায়াতও কঠোর অবস্থান নেয়। দলটির নায়েবে আমির **সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের** সকালে সাফ জানিয়ে দিয়েছিলেন, বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না। তবে দুপুর ১২টার নির্ধারিত সময়ে তারা সংসদ ভবনে উপস্থিত হন এবং দীর্ঘ আলাপ-আলোচনা শেষে অবস্থান পরিবর্তন করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে। মিত্র হিসেবে শুরুতেই শপথ বর্জন করে ক্ষমতার বাইরে থাকা বা সাংবিধানিক শূন্যতা তৈরি করা জামায়াতের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারত। তাই সংসদীয় দলের বৈঠকে আলোচনার পর তারা আপাতত এমপি হিসেবেই শপথ নেওয়ার সিদ্ধান্ত নেয়।

সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষ হওয়ার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এখন পুরো জাতির চোখ বিকেল ৪টার দিকে, যেখানে তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

সংসদীয় দলের সভায় ইতিমধ্যে তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা নির্বাচিত করা হয়েছে। তারেক রহমানের সাথে আজ প্রায় ৪০ সদস্যের একটি শক্তিশালী মন্ত্রিসভাও শপথ নিতে পারে। বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উপস্থিতিতে এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।