মাসুদ রানা রাব্বানী: রাজশাহী নগরীর মতিহার সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ইলেকট্রিক মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ
(বিজিবি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে এ অভিযান পরিচালনা করেন রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনস্থ তালাইমারী বিওপি’র একটি টহল দল। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নগরীর মতিহার থানার বাজে কাজলা ফুলতলা ঘাট এলাকার পদ্মা নদীর চর দিয়ে ভারতীয় মালামাল পাচার হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল পদ্মার চরের ঝাউবনের ভেতরে অবস্থান নেয়।
পরে রাত পৌনে ৯টার দিকে চোরাকারবারীরা মালামাল নিয়ে অগ্রসর হলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। ওই সময় পরিত্যক্ত অবস্থায় কয়েকটি ব্যাগের ভেতর থেকে ১০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, ১ হাজার পিস ইলেকট্রিক বাল্ব এবং ৫২৫ পিস ইলেকট্রিক পুশ সুইচ জব্দ করা হয়। জব্দকৃত ইলেকট্রিক মালামাল রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলেও জানায় বিজিবি।

