পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে যশোরে ইসলামিক ফাউন্ডেশনের র‍্যালি

0
পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে যশোরে ইসলামিক ফাউন্ডেশনের র‍্যালি

কেশবপুর প্রতিনিধি: পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে যশোরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ইসলামিক ফাউন্ডেশন যশোর কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ র‍্যালিতে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির উপ-পরিচালক জনাব বিল্লাল বিন কাসেম। র‍্যালিটি শহরের মুজিব সড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যানার নিয়ে রমজানের পবিত্রতা রক্ষা, নৈতিকতা চর্চা এবং সমাজে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। এ সময় উপ-পরিচালক বিল্লাল বিন কাসেম বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার মাস। এ মাসে খাদ্যে ভেজাল, অতিরিক্ত মুনাফা ও দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে বিরত থাকা সকল ব্যবসায়ীর নৈতিক দায়িত্ব।

তিনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে রমজানের সম্মান রক্ষায় দিনের বেলায় অপ্রয়োজনীয় ভাবে হোটেল-রেস্টুরেন্ট খোলা না রাখা ও প্রকাশ্যে ধূমপান থেকে বিরত থাকার বিষয়েও সচেতনতা সৃষ্টি করা হয়।

র‍্যালিতে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ সোলাইমান, হিসাব রক্ষক মোঃ জুয়েল রানা, মোঃ ওয়ালিউর রহমান, মোঃ শাহাদাত হোসেন, জি. এম. মনিজ্জামান, সুপারভাইজার মো: মনিরুল ইসলাম, মডেল কেয়ারটেকার আব্দুর রহমান, সাধারণ কেয়ার টেকার মো: রফিকুল ইসলাম, মো: হারুনার রশিদ, মোঃ মাসুদুর রহমানসহ শতাধিক আলেম-ওলামা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, রমজানের পবিত্রতা রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।