বাংলাদেশ প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী সকালে সচিবালয়ে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ-বাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তাঁর সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম (অব.)।
এর আগে সচিবালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
টানা দ্বিতীয় দিনের মতো আজ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী। আজ তিনি ‘ফ্যামিলি কার্ড’ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেবেন বলে নির্ধারিত রয়েছে।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। দীর্ঘ এক দশকের প্রথা ভেঙে প্রধানমন্ত্রী তাঁর দাপ্তরিক কার্যক্রম এবং মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে সরিয়ে এনেছেন। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকটিও সচিবালয়ে অনুষ্ঠিত হয়।

