উলিপুরে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, ৮ ব্যবসায়ীকে জরিমানা, অবৈধ দোকান উচ্ছেদের আল্টিমেটাম

0
উলিপুরে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, ৮ ব্যবসায়ীকে জরিমানা, অবৈধ দোকান উচ্ছেদের আল্টিমেটাম

উলিপুর প্রতিনিধি: ‎কুড়িগ্রামের উলিপুরে পবিত্র রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। এ সময় অবৈধ ভাবে ফুটপাতে বসা দোকান গুলো উচ্ছেদ করার সতর্ক করেন উপজেলা প্রশাসন।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন ফলের দোকান, মুদি দোকান ও হোটেল পরিদর্শন করা হয়। অভিযানকালে পণ্যের মূল্য তালিকা না টাঙানো, তালিকায় তারিখ উল্লেখ না থাকা, পঁচা খেজুর, আপেল এবং প্যাকেট জাত খাদ্যে তারিখ না থাকা সহ নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় করার অভিযোগে ৮ জন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। অভিযান কালে অবৈধ ভাবে ফুটপাতে বসা দোকান গুলো উচ্ছেদ করতে সময় বেঁধে দিয়ে আল্টিমেটাম দেন উপজেলা প্রশাসন।

‎‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম মেহেদী হাসান এবং উলিপুর থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ ইবনে সিদ্দিক সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

‎‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে থাকে। এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলা, পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। যাতে করে সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়।

‎‎এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, রমজানে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ অতিরিক্ত মূল্য আদায় বা মজুতদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।