বাংলাদেশ প্রতিবেদকঃ বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে বর্তমান সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত ওই বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্ধৃত করে বলা হয়েছে, বিগত ‘ফ্যাসিস্ট’ সরকারের আমলে ভিন্নমত দমন ও রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে এসব মামলা করা হয়েছিল। প্রাথমিক পর্যায়ে ১ হাজার ৬টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।
মামলাগুলোকে সরাসরি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে অভিহিত করেছে মন্ত্রণালয়। সরকারি ভাষ্যমতে, গত ১৭ বছর ধরে বিরোধী দলের কণ্ঠরোধ করতে এসব আইনি হাতিয়ার ব্যবহার করা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী জানিয়েছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক নিপীড়ন বন্ধের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, পর্যায়ক্রমে যাচাই-বাছাইয়ের মাধ্যমে অন্যান্য ভিত্তিহীন মামলাগুলোও পর্যালোচনার আওতায় আনা হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে আইনি বেড়াজালে আটকে থাকা হাজারো নেতাকর্মী স্বস্তি পাবেন বলে ধারণা করা হচ্ছে।

