উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রামের একটি কাচা সড়ক পথে কালভার্টের উপরের স্ল্যাব ভেঙ্গে গেছে। প্রায় দুই বছর আগে তা ভেঙ্গেছে। এলাকার লোকজন বলছেন স্ল্যাব একটু একটু করে আরো ভাঙ্গছে। ভাঙ্গা জায়গায় বাশের চরাট ফেলে বাহন নিয়ে পারাপার ও পায়ে হেটে চলাচল করা হচ্ছে।
উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া , দিয়ারপাড়া ও ভাবকি গ্রামের মধ্যে চলাচলে গ্রাম্য কাচা সড়ক পথে দুপাশের আবাদী মাঠের পানি নিষ্কাশনে একটি কালভার্ট নির্মাণ করা হয়েছে। পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ থেকে অনেক বছর আগে একটি প্রকল্পে কালভার্টটি নির্মাণ করা হয় বলে জানা গেছে। সরেজমিনে গিয়ে জানা গেছে দিয়ারপাড়া , ভাবকি গ্রামের জনগণ কালভার্টটি হয়ে কাচা সড়ক পথে মাটিকোড়া গ্রামে যাওয়া আসা করেন। আবার মাটিকোড়া গ্রামের জনগণ একই সড়ক পথে কালভার্ট হয়ে দিয়ারপাড়া , ভাবকি গ্রাম হয়ে বিভিন্ন এলাকায় যাওয়া আসা করেন। এলাকার বসতিরা জানান প্রায় দুই বছর হলো কালভার্টটির উপরের স্ল্যাব অনেকটা জায়গা জুড়ে ভেঙ্গে গেছে। এরপর একটু একটু করে ভাঙ্গছে। দিয়ারপাড়ার কয়েকজন নিজেরা অটো রিকসা ভ্যান , মটর সাইকেল , বাই সাইকেল নিয়ে ও পায়ে হেটে চলাচলে বাশের চরাট ফেলে চলাচল সুবিধা করে দিয়েছেন। এরা নিজেরা বাশ ও পেরেক যোগাড় ও মজুরি খেটেছেন।
মাটিকোড়া গ্রামের মো. খলিল প্রামাণিক , মো. নাসির উদ্দীন , মোছা. নাছিমা খাতুন , দিয়ারপাড়ার মোছা. হোসনেয়ারা বেগম বলেন কালভার্টটির উপরের স্ল্যাব ভাঙ্গার পর এলাকার জনগণ নিজেদের চলাচল সুবিধায় কয়েকবার বাশের চরাট বানিয়ে এভাবে ফেলে চলাচল ব্যবস্থা করে দিয়েছেন। বাশের চরাট বেশি দিন হলেই ভেঙ্গে যায়। সেসময় দিন কয়েক চলাচল কষ্ট হয় বলে জানানো হয়। আবার নতুন করে বানানো হয়।
পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আঃ ছালাম বলেন তিনি কালভার্টটির উপরের স্ল্যাব ভেঙ্গে যাওয়ার বিষয় জেনেছেন। সেখানে কালভার্টটির উপরের স্ল্যাব নতুন করে নির্মাণ কিংবা কাছাকাছিতে পানি নিষ্কাশনের ব্যবস্থায় নতুন একটি কালভার্ট নির্মাণে প্রকল্প করবেন।

