চাঁপাইনবাবগঞ্জে জেলা আইনজীবী সমিতির নিবাচনে আওয়ামীলীগ সমর্থিত প্যানেল এগিয়ে

0
চাঁপাইনবাবগঞ্জে জেলা আইনজীবী সমিতির নিবাচনে আওয়ামীলীগ সমর্থিত প্যানেল এগিয়ে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে জামাত-বিএনপি এবং আওয়ামী লীগের পৃথক পৃথক তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে। এতে সভাপতি পদ সহ বিএনপিপন্থি ৫ জন, সাধারন সম্পাদক সহ আওয়ামী লীগপন্থি ৬ জন এবং জামায়াতপন্থি ২ জন আইনজীবী নির্বাচিত হয়েছেন।

এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যার পর ফলাফল ঘোষণা করা হয়। সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. শামসুদ্দীন।

নির্বাচনে এবার তিনটি প্যানেলে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত আবদুল ওদুদ-মাহমুদুল ইসলাম কনক প্যানেল থেকে ১৩ জন, আওয়ামীপন্থি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত নজরুল—হাসিব প্যানেল থেকে ১২ জন ও সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত মতিউর—তসিবুর পরিষদ থেকে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

তাদের মধ্যে মো. আবদুল ওদুদ-মোহা. মাহমুদুল ইসলাম কনক প্যানেল থেকে পাঁচজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন- সভাপতি পদে মো. আবদুল ওদুদ, সহ-সভাপতি পদে মোহা. মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক পদে আসমাউল হুসনা তমা, কার্যনির্বাহী সদস্য পদে তানভীর আহমেদ সিদ্দিকী (২য়), মো. মাইনুল ইসলাম অন্তর (৪র্থ) নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে নজরুল—হাসিব প্যানেল থেকে ছয়জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন- সাধারণ সম্পাদক পদে আবু হাসিব, সিনিয়র সহ-সভাপতি পদে তরিকুল ইসলাম আজিজি, সহসাধারণ সম্পাদক পদে ফরহাদ হোসেন (২য়), অর্থ সম্পাদক পদে গোলাম মোরশেদ, কার্যনির্বাহী সম্পাদক পদে নিলুফার রহমান নীলু (১ম), জাহাঙ্গীর আলম (৩য়) নির্বাচিত হয়েছেন।

এদিকে সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত মতিউর—তসিবুর পরিষদ থেকে দুইজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন- সহসাধারণ সম্পাদক পদে শফিক এনায়েতুল্লাহ (১ম), গ্রন্থাগার সম্পাদক পদে আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।

সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. শামসুদ্দীন। তিনি জানান, এবার মোট ভোটার ছিলেন ২২৭ জন তাদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২০৯ জন।