আজকের ডেস্কঃ রাজধানী ঢাকাসহ সারা দেশে শক্তিশালী এক ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তীব্র ঝাঁকুনি অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (EMSC)-এর তথ্য অনুযায়ী:
উৎপত্তিস্থল: সাতক্ষীরার আশাশুনি এলাকা। অবস্থান: খুলনা শহর থেকে ৪৭ কি.মি. দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কি.মি. দক্ষিণ-পূর্বে। গভীরতা: ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।
সাতক্ষীরা ও খুলনার বাসিন্দারা জানিয়েছেন, ভূমিকম্পের সময় অত্যন্ত শক্তিশালী ঝাঁকুনি অনুভূত হয়েছে। ভয়ে মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। ঢাকা ছাড়াও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলো এবং পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গসহ কিছু এলাকাতেও এই কম্পন টের পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এক মাসের ব্যবধানে বারবার ভূমিকম্প হওয়াকে বড় কোনো দুর্যোগের পূর্বাভাস কি না, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে সাতক্ষীরা ও সিলেট অঞ্চলে ঘনঘন কম্পন ভূ-তাত্ত্বিক চ্যুতি বা ‘ফল্ট লাইন’ সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

