বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর ধানমন্ডিতে ভোররাতে মহিলা আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে ৭ নারী নেত্রীসহ মোট ৮ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে ধানমন্ডি ২ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে। মিছিলের কাজে ব্যবহৃত একটি হাইস মাইক্রোবাস ও বেশ কিছু প্ল্যাকার্ড জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে ধানমন্ডি মডেল থানাধীন ২ নম্বর রোডের স্টার কাবাবের সামনে থেকে ২০-২৫ জন নারী একটি মিছিল বের করেন। “মুজিব প্রেমিক বাংলার নারীরা” লেখা ব্যানার হাতে নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে ৩ নম্বর রোডের ২০ নম্বর বাসার সামনে পর্যন্ত অগ্রসর হন।
মিছিলের খবর পেয়ে ধানমন্ডি থানা পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে ঘটনাস্থল থেকে ৭ জন নারী নেত্রীকে আটক করা হয়। নেতাকর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত একটি হাইস মাইক্রোবাসের চালককে আটক করা হয়।
ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তাফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিছিলকারীরা আকস্মিকভাবে জড়ো হয়ে স্লোগান দিচ্ছিলেন। খবর পাওয়া মাত্রই পুলিশ ব্যবস্থা নিয়েছে। ঘটনাস্থল থেকে মিছিলের ব্যানার ও বেশ কিছু বিতর্কিত প্ল্যাকার্ড উদ্ধার করা হয়েছে।
“আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।” — শাহ মোস্তফা তাফিকুজ্জামান (এসি, ধানমন্ডি জোন)

