জালাল উদ্দিনঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে জন্মদাতা পিতাকে খুন্তি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে বড় ছেলের বিরুদ্ধে। এই মর্মান্তিক ঘটনার পর আত্মগোপনে থাকা অভিযুক্ত ছেলে বিষ্ণু প্রসাদ রিকমনকে (২৫) শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি কুলাউড়া উপজেলার চাতলাপুর ফাঁড়ি চা-বাগানের বেগমটিলা এলাকায় লছমন রিকমন (৫০) ও তার ছেলে বিষ্ণু প্রসাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। তর্কের একপর্যায়ে বিষ্ণু প্রসাদ প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে রান্নাঘর থেকে লোহার খুন্তি নিয়ে আসেন এবং তার বাবার তলপেটে সজোরে আঘাত করেন।
আহত লছমন রিকমনকে গুরুতর অবস্থায় দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৫ ফেব্রুয়ারি দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনায় নিহতের ছোট ছেলে বিশ্বজিৎ রিকমন বাদী হয়ে বড় ভাই বিষ্ণু প্রসাদকে একমাত্র আসামি করে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই অভিযুক্ত বিষ্ণু প্রসাদ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পারিবারিক তুচ্ছ ঘটনার জেরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি এবং তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”

