চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইফতারের ঠিক আগমুহূর্তে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কয়লাবাহী একটি ড্রামট্রাক দুমড়ে-মুচড়ে গেছে।
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৫টা ৫০ মিনিটের দিকে উপজেলার তীরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঢাকা-চট্টগ্রাম লেনে একটি সিমেন্টবোঝাই ট্রাককে ওভারটেক করতে গিয়ে পেছন দিক থেকে আসা দ্রুতগামী কয়লাভর্তি ড্রামট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। প্রচণ্ড গতিতে ধাক্কা লাগায় সিমেন্টবাহী ট্রাকটি মহাসড়কের বিভাজকের ওপর উঠে যায় এবং ড্রামট্রাকটির সামনের অংশ পুরোপুরি পিষ্ট হয়ে যায়।
এ সময় ড্রামট্রাকটির চালক গুরুতর আহত অবস্থায় নিজের আসনেই আটকা পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করার পাশাপাশি প্রশাসনকে খবর দেন। সংবাদ পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় চালককে উদ্ধার করেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আহত চালকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এই বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

