ইবি শিক্ষিকাকে খুন, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা

0
ইবি শিক্ষিকাকে খুন, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা

ইবি প্রতিনিধি: ছুরির আঘাতে খুনের শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। ভিতর থেকে আটকানো ঐ কক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকেও আত্মহত্যার চেষ্টারত অবস্থায় দেখেছেন বিভাগের কয়েকজন শিক্ষার্থী।

বুধবার (০৪ মার্চ) আনুমানিক বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগের সভাপতির কক্ষে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত ডাক্তার সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন। কর্মচারী ফজলুর রহমান চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ইমাম হোসাইন বলেন, প্রাথমিক অবজারভেশনে শিক্ষিকাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়া তারা হাতে ও পায়ে কিছু ইনজুরি রয়েছে।

ইবি থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হই। পরে ওই কক্ষ থেকে দুই জনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠাই৷’

প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান বলেন, আমরা পুলিশ প্রশাসনকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। এসময় একজনের নিথর দেহ ও একজনকে নড়াচড়া অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠাই।