সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে পুলিশ সুপার, সুনামগঞ্জের নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার, তাহিরপুর সার্কেলের দিকনির্দেশনায় তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পালের তত্ত্বাবধানে এসআই মোঃ রিপন উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার লাকমা নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সিরাজ মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার লাকমা পূর্বপাড়া গ্রামের মৃত তাজু মিয়ার ছেলে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৯ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় এসআই মোঃ রিপন উদ্দিন বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এফআইআর নং-১৫, তারিখ ৯ মার্চ ২০২৬; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

