স্ত্রীর অধিকার চাইতে গেলে দড়ি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারধর

0
স্ত্রীর অধিকার চাইতে গেলে দড়ি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারধর

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামে স্বামীর বাড়িতে স্ত্রীর অধিকার দাবি করতে গিয়ে সালমা খাতুন নামে এক গৃহবধূকে দড়ি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, উপজেলার বুড়িহাটি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ও কেশবপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিকিউরিটি গার্ড মাসুদ রানার (৩৫) বাড়িতে গেলে তার স্ত্রী সালমা খাতুনকে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন স্বামী মাসুদ রানা, শাশুড়ি হাজিরা খাতুন এবং চাচা শ্বশুর হাফিজুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি তিন লাখ টাকা কাবিনে একই গ্রামের আনসার শেখের মেয়ে সালমা খাতুনের সঙ্গে মাসুদ রানার বিয়ে হয়। বিয়ের পর থেকে একই গ্রামে বাড়ি হওয়ায় সালমা খাতুন স্বামীর বাড়িতে যাতায়াত করতেন।

ভুক্তভোগী সালমা খাতুন জানান, বিয়ের পর আমার কাছ থেকে ধার হিসেবে ২ লাখ ৭০ হাজার টাকা নেয় মাসুদ রানা। এর আগে আমাদের প্রায় এক বছরের সম্পর্ক ছিল। কিন্তু বিয়ের পর থেকে শাশুড়ি হাজিরা খাতুনের প্রভাবে আমার স্বামী আমাকে দূরে দূরে রাখত। বিষয়টি নিয়ে আমি ইতিপূর্বে কেশবপুর থানায় দু’বার অভিযোগও করেছি।

তিনি আরও বলেন, সোমবার সকালে আমার শাশুড়ি আমাকে বাড়িতে ডেকে পাঠায়। আমি সেখানে গেলে শাশুড়ি হাজিরা খাতুন, চাচা শ্বশুর হাফিজুর রহমানসহ কয়েকজন আমাকে একটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করতে বলে। আমি রাজি না হওয়ায় তারা আমাকে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে উঠানে ফেলে রাখে। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।

খবর পেয়ে কেশবপুর থানার এসআই সঞ্জয় কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সালমা খাতুনকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেন। এ বিষয়ে অভিযুক্ত মাসুদ রানা বলেন, “আমি অন্য একটি মেয়েকে ভালোবাসতাম। সালমা খাতুন আমাকে কারসাজি করে বিয়ে করেছে। এদিকে ঘটনাস্থলে গিয়ে কাউকে আটক করা হয়েছে কি না এমন প্রশ্নে এসআই সঞ্জয় কুমার দাস বলেন, আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী সালমা খাতুন কেশবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।