সংসদ কক্ষে নজিরবিহীন হট্টগোল: ‘কিলার চুপ্পু গেট আউট’ স্লোগানে জামায়াত জোটের ওয়াকআউট

0
সংসদ কক্ষে নজিরবিহীন হট্টগোল: ‘কিলার চুপ্পু গেট আউট’ স্লোগানে জামায়াত জোটের ওয়াকআউট

বাংলাদেশ প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সৃষ্টি হলো এক নাটকীয় ও উত্তপ্ত পরিস্থিতি। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের ভাষণকে কেন্দ্র করে আজ বিকেলে সংসদ কক্ষ রণক্ষেত্রে পরিণত হয়। রাষ্ট্রপতির উপস্থিতিতেই বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপির সংসদ সদস্যরা তীব্র প্রতিবাদ, স্লোগান এবং শেষ পর্যন্ত অধিবেশন কক্ষ ত্যাগ বা ‘ওয়াকআউট’ করেন।

বিকেল সাড়ে ৩টার পর স্পিকার হাফিজ উদ্দিন রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানান। রাষ্ট্রপতি ডায়াসের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথেই বিরোধী দলীয় জোটের সংসদ সদস্যরা নিজ নিজ আসন থেকে দাঁড়িয়ে চিৎকার শুরু করেন। তাদের হাতে ছিল বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড, যেখানে লেখা ছিল— ‘জুলাইয়ের সঙ্গে গাদ্দারি, জনগণ সইবে না’ এবং ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’।

সংসদ কক্ষের ভেতরে বিরোধী সংসদ সদস্যরা সরাসরি রাষ্ট্রপতিকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে তারা চিৎকার করে বলতে থাকেন, “কিলার চুপ্পু, বয়কট বয়কট! “গেট আউট, গেট আউট, কিলার চুপ্পু গেট আউট!” “স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান!”

বিরোধীদের দাবি, বর্তমান রাষ্ট্রপতি বিগত স্বৈরাচারী ব্যবস্থার অংশ এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করছেন। উল্লেখ্য, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আগে থেকেই রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে আপত্তি জানিয়ে আসছিল।

স্লোগান ও প্রতিবাদের এক পর্যায়ে বিরোধী জোটের সকল সংসদ সদস্য অধিবেশন কক্ষ ত্যাগ করেন। তবে বিরোধীদের এই হট্টগোল ও প্রস্থান সত্ত্বেও রাষ্ট্রপতি তাঁর নির্ধারিত ভাষণ চালিয়ে যান। এ সময় প্রধানমন্ত্রী এবং বিএনপির সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে রাষ্ট্রপতিকে সমর্থন জানান এবং অধিবেশনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার চেষ্টা করেন।

বিশ্লেষকরা মনে করছেন, রাষ্ট্রপতির পদত্যাগ বা অপসারণ নিয়ে রাজনৈতিক মহলে যে বিতর্ক চলছিল, সংসদের প্রথম দিনেই তার প্রতিফলন ঘটল। বিশেষ করে জুলাই বিপ্লবের পরবর্তী নতুন সংসদে রাষ্ট্রপতির গ্রহণযোগ্যতা নিয়ে বিরোধী শিবিরের অনড় অবস্থান সংসদীয় রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।