রামপালে নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ: ঝরল ১৩ প্রাণ, আহত অনেক

0
রামপালে নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ: ঝরল ১৩ প্রাণ, আহত অনেক

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলায় খুলনা-মোংলা মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার বেলাইব্রিজ (গুনাই ব্রিজ) এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর একটি বাসের সঙ্গে যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোংলাগামী নৌবাহিনীর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাসের প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রী নিহত হন। স্থানীয়দের মতে, অতিরিক্ত গতির কারণেই এই ভয়াবহতা সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করেন।

এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ৯ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৪ জনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

দুর্ঘটনায় অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকদের মতে, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারের চেষ্টা চলছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ। নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।