ঈদযাত্রায় বড় স্বস্তি: বাস-ট্রাকে জ্বালানি নেওয়ার সীমা প্রত্যাহার, মহাসড়কে ২৪ ঘণ্টা খোলা থাকবে পাম্প!

0
ঈদযাত্রায় বড় স্বস্তি: বাস-ট্রাকে জ্বালানি নেওয়ার সীমা প্রত্যাহার, মহাসড়কে ২৪ ঘণ্টা খোলা থাকবে পাম্প!

বাংলাদেশ প্রতিবেদকঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে দূরপাল্লার বাসসহ সব ধরনের গণপরিবহনে জ্বালানি নেওয়ার নির্ধারিত সীমাবদ্ধতা তুলে নিয়েছে সরকার। আজ শনিবার (১৪ মার্চ) রাত থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। একই সঙ্গে মহাসড়কের পাম্পগুলো ঈদের আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার সকালে রাজধানীর একটি বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী জানান, আগামীকাল থেকে ঈদযাত্রার চাপ বাড়বে, তাই পরিবহনগুলো যাতে জ্বালানির অভাবে থমকে না যায়, সে লক্ষ্যে আজ রাত থেকেই দূরপাল্লার বাসগুলো তাদের প্রয়োজন অনুযায়ী তেল নিতে পারবে।

মহাসড়কের জ্বালানি পাম্পগুলো ঈদের আগে ৭ দিন এবং ঈদের পরে ৫ দিন বিরতিহীনভাবে (২৪ ঘণ্টা) খোলা থাকবে। জ্বালানি সংকটের কথা বলে কোনো পরিবহন যাতে অগ্রিম টিকিট ফেরত না দেয় বা অতিরিক্ত ভাড়া আদায় না করে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে এবং ঘরমুখো মানুষের সময় বাঁচাতে বেশ কিছু কারিগরি পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়। মহাসড়কের যেসব স্থানে উন্নয়ন কাজ চলছিল, সেখান থেকে সব ধরনের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া হয়েছে। যেখানে চার লেন রয়েছে সেখানে সবকটি লেন এবং অন্য স্থানে অন্তত ২-৩টি লেন যান চলাচলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। সারাদেশে যানজটপ্রবণ ২০৭টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে হাইওয়ে পুলিশ, বিআরটিএ, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিশেষ নজরদারি টিম মোতায়েন থাকবে।

টার্মিনাল পরিদর্শনকালে মন্ত্রী বিআরটিসির বাসের শিডিউল ও ভাড়া পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, বিআরটিসি নির্ধারিত সময়ে বাস ছাড়ছে এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হচ্ছে না। বেসরকারি বাসগুলোর ক্ষেত্রেও ভাড়ার চার্ট কঠোরভাবে মনিটরিং করার জন্য ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “সব প্রস্তুতি মিলিয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আমরা আশা করছি। যাত্রীরা যাতে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেন, সে লক্ষ্যে সরকার সমন্বিতভাবে কাজ করছে।”

সরকারের এই বহুমুখী পদক্ষেপের ফলে এবারের ঈদযাত্রায় রাজধানী থেকে বের হওয়ার পথে বড় ধরনের যানজট বা জ্বালানি জটিলতা কমবে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। তবে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে বিআরটিএ-কে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।