বকেয়া ও বোনাসের দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ: শ্রমিক বিক্ষোভে স্থবির ঢাকা-আরিচা

0
বকেয়া ও বোনাসের দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ: শ্রমিক বিক্ষোভে স্থবির ঢাকা-আরিচা

সাভার প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে এলেও মেলেনি ঘাম ঝরানো শ্রমের পারিশ্রমিক ও উৎসব বোনাস। এই ক্ষোভ থেকে বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস’-এর কয়েকশ শ্রমিক। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এই আন্দোলনের জেরে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যাতে চরম দুর্ভোগে পড়েন ঘরমুখো হাজারো যাত্রী।

বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, ঈদের ছুটি শুরুর প্রাক্কালে নির্ধারিত সময় পার হয়ে গেলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের বেতন ও বোনাস পরিশোধ করেনি। বারবার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত পাওনা না পাওয়ায় বাধ্য হয়ে তারা রাজপথে নামেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কয়েকশ শ্রমিক একত্রিত হয়ে রাজফুলবাড়িয়া এলাকায় মহাসড়কের ওপর অবস্থান নেন এবং স্লোগান দিতে থাকেন।

রাতের ব্যস্ত সময়ে আকস্মিক এই অবরোধের ফলে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে ব্যক্তিগত গাড়ি ও দূরপাল্লার বাসের যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম ভোগান্তি পোহান। অনেককে বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হতে দেখা যায়।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। দীর্ঘ আলোচনার পর কর্তৃপক্ষের সাথে কথা বলে পাওনা আদায়ের আশ্বাস দিলে রাত প্রায় ১০টা ১৫ মিনিটের দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে যান।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, “শ্রমিকরা বকেয়া ও বোনাসের দাবিতে সড়কে নেমেছিলেন। আমরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা শুরু করি। পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং প্রায় পৌনে এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।”

পুলিশ জানিয়েছে, উদ্ভূত সমস্যা সমাধানে কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষের সাথে দেনদরবার চলছে যাতে দ্রুততম সময়ে শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা বুঝে পান।