“নিরাপত্তায় দুর্বল ছিলেন কেন্ট, পদত্যাগই ভালো”— ইরান ইস্যুতে কড়া মেজাজে ট্রাম্প

0
"নিরাপত্তায় দুর্বল ছিলেন কেন্ট, পদত্যাগই ভালো"— ইরান ইস্যুতে কড়া মেজাজে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের (এনসিটিসি) পরিচালক জো কেন্টের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন্টকে নিরাপত্তার বিষয়ে ‘দুর্বল’ আখ্যা দিয়ে ট্রাম্প মন্তব্য করেছেন, তার বিদায় জাতীয় স্বার্থেই ভালো হয়েছে।

মঙ্গলবার জো কেন্টের পদত্যাগের পর এক প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলেন, “যখন আমি তার (কেন্ট) বিবৃতি পড়লাম, তখন মনে হয়েছে তার চলে যাওয়াটাই সর্বোত্তম। কারণ তিনি দাবি করেছিলেন ইরান কোনো হুমকি নয়।”

ট্রাম্প আরও যোগ করেন, “বিশ্বের প্রতিটি দেশই জানে ইরান কী ধরনের হুমকি ছিল। প্রশ্ন কেবল একটাই—তারা এই হুমকির বিরুদ্ধে পদক্ষেপ নিতে চায় কি না।”

এর আগে মঙ্গলবার নাটকীয়ভাবে পদত্যাগপত্র জমা দেন এনসিটিসি পরিচালক জো কেন্ট। চলমান ইরান যুদ্ধের কট্টর বিরোধী কেন্ট তার পদত্যাগপত্রে লেখেন “বিবেকের দংশন থেকে আমি এই ইরান যুদ্ধকে সমর্থন করতে পারছি না। ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না। মূলত ইসরায়েল ও তাদের প্রভাবশালী লবির চাপেই এই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে।”

জো কেন্টের এই বিস্ফোরক মন্তব্য ওয়াশিংটনের নীতিনির্ধারক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। গোয়েন্দা প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সময় তিনি সরাসরি অভিযোগ তোলেন যে, এই যুদ্ধ কোনো জাতীয় নিরাপত্তার প্রয়োজনে নয়, বরং নির্দিষ্ট কিছু গোষ্ঠীর স্বার্থ রক্ষায় শুরু করা হয়েছে।

অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযোগ উড়িয়ে দিয়ে ইরানকে বৈশ্বিক নিরাপত্তার জন্য প্রধান অন্তরায় হিসেবে চিত্রায়িত করছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, জো কেন্টের পদত্যাগ ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে ইরান ইস্যুতে গভীর ফাটলকেই স্পষ্ট করে তুলেছে। চীন ও অন্যান্য মিত্র দেশগুলোর মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত করার চেষ্টা চললেও, ট্রাম্পের এমন অনমনীয় অবস্থান নতুন করে যুদ্ধের উত্তেজনা বাড়িয়ে দিতে পারে।