ফেসবুকে প্রেমের ফাঁদ: ভালুকায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, ৪ জন শ্রীঘরে

0
ফেসবুকে প্রেমের ফাঁদ: ভালুকায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, ৪ জন শ্রীঘরে

ময়মনসিংহ প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভার্চুয়াল বন্ধুত্ব যে কতটা ভয়ংকর হতে পারে, তার বলি হলো নারায়ণগঞ্জের এক অনাথ কিশোরী (১৪)। প্রেমের টানে ময়মনসিংহের ভালুকায় দেখা করতে গিয়ে পাশবিক লালসার শিকার হয়েছে সে। এই ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যারা ইতিমধ্যে আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

ভুক্তভোগী কিশোরীটি নারায়ণগঞ্জের বাসিন্দা। মা-বাবার মৃত্যুর পর সৎমায়ের সংসারে বড় হওয়া এই কিশোরী নির্যাতনের শিকার হয়ে দুই মাস আগে ময়মনসিংহ শহরে চলে আসে। সেখানে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের সহকারী হিসেবে কাজ শুরু করে সে। প্রায় ছয় মাস আগে ফেসবুকে ‘জিসান ইসলাম’ নামের এক যুবকের সাথে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত ১৪ মার্চ রাতে জিসানের আমন্ত্রণে সাড়া দিয়ে কিশোরীটি ময়মনসিংহ থেকে বাসে করে ভালুকা বাসস্ট্যান্ডে পৌঁছায়। সেখান থেকে এক তরুণ তাকে সিএনজিচালিত অটোরিকশায় করে নির্জন স্থানের দিকে নিয়ে যেতে থাকে। কিশোরীটি বিপদের আঁচ পেয়ে বাধা দিলেও কাজ হয়নি। পরে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে পাঁচজন মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে। পাষণ্ডরা তাকে মুমূর্ষু অবস্থায় একটি খালের পাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পরিবারে কেউ না থাকায় গত ১৫ মার্চ ওই কিশোরী নিজেই বাদী হয়ে ভালুকা থানায় মামলা দায়ের করে। পুলিশ ও ডিবি (গোয়েন্দা শাখা) তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। তারা হলেন, মো. হোসাইন (২১) মো. মেহেদী হাসান (২০) এবং ১৭ বছর বয়সী দুই কিশোর।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃতরা গতকাল মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদের মধ্যে দুজনকে কারাগারে এবং দুই কিশোরকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। তবে মূল অভিযুক্ত ‘জিসান’, যার সাথে কিশোরীটি দেখা করতে গিয়েছিল, সে এখনো পলাতক।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, “ঘটনায় পাঁচজন জড়িত থাকার কথা এজাহারে উল্লেখ রয়েছে। আমরা চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মূল হোতাকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।”

ভুক্তভোগী কিশোরী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়া এই কিশোরীর সুচিকিৎসা নিশ্চিত করছে স্থানীয় প্রশাসন। এই লোমহর্ষক ঘটনায় ভালুকা এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বয়ে যাচ্ছে।