বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর আন্তঃজেলা বাস টার্মিনালগুলোতে সাধারণত ঈদের আগে যে উপচে পড়া ভিড় আর টিকিটের জন্য হাহাকার দেখা যায়, এবার মহাখালী বাস টার্মিনালে তার উল্টো চিত্র। চিরচেনা সেই ‘টিকিট যুদ্ধ’ কিংবা তিল ধারণের জায়গা না থাকার দৃশ্য এবার উধাও। যাত্রীরা আসছেন, অনায়াসেই টিকিট কাটছেন এবং নির্দিষ্ট সময়ে বাসে চেপে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।
আজ বুধবার সকালে মহাখালী টার্মিনালে গিয়ে দেখা যায়, যাত্রীদের চাপ নেই বললেই চলে। কাজীপাড়া থেকে সপরিবারে ময়মনসিংহে যাওয়ার জন্য আসা তৌহিদুল ইসলাম মাত্র ১০ মিনিটে টিকিট কেটে এসি বাসে আসন গ্রহণ করেন। বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, “এমন স্বস্তির ঈদযাত্রা আগে কখনও দেখিনি। আগে টার্মিনালে পা ফেলার জায়গা থাকত না, বাসের জন্য যুদ্ধ করতে হতো। এবার চিত্র পুরোই আলাদা। এই নীরবতা ঈদযাত্রার আনন্দ অনেক বাড়িয়ে দিয়েছে।”
একই অনুভূতি আজিমপুরের বেসরকারি চাকরিজীবী ফারহানের। বিগত আট বছরের ঢাকা জীবনে এমন ফাঁকা টার্মিনাল তিনি দেখেননি। ২০১৯ সালের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি জানান, সেবার টিকিট না পেয়ে শেষমেশ পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরতে হয়েছিল। কিন্তু এবার কোনো ঝামেলা ছাড়াই তিনি নন-এসি বিলাশ পরিবহনের টিকিট হাতে পেয়েছেন।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এবার শবে কদরের ছুটি আর ঈদ মিলিয়ে টানা সাত দিনের লম্বা ছুটি পেয়েছেন সরকারি চাকুরেরা। বেসরকারি অনেক প্রতিষ্ঠানেও আগেভাগেই ছুটি শুরু হয়েছে। দীর্ঘ ছুটির কারণে যাত্রীরা ধাপে ধাপে ঢাকা ছাড়ছেন, যার ফলে টার্মিনালে একসাথে বিপুল জনসমাগম হচ্ছে না।
মহাখালী থেকে উত্তরবঙ্গ ও ময়মনসিংহের বিভিন্ন রুটে প্রায় দুই হাজার বাস চলাচল করে। ইউনাইটেড পরিবহনের ব্যবস্থাপক মো. আসিফ জানান, ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত তাদের ৪৯টি বাস যাত্রী নিয়ে ছেড়ে গেছে। তবে অন্যান্য বছরের তুলনায় যাত্রীর চাপ এবার আশানুরূপ নয়। তিনি বলেন, “সাধারণত বৃহস্পতিবার বা সাপ্তাহিক ছুটির দিনেও এর চেয়ে বেশি চাপ থাকে। তবে সড়ক এখন পর্যন্ত একদম স্বাভাবিক। ভোরে ময়মনসিংহে কিছুটা জ্যাম থাকলেও এখন সব ক্লিয়ার।”
সরেজমিনে দেখা গেছে, বাসের জন্য বা হেলপারদের সেই চিরাচরিত হাঁকডাক নেই। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগও মেলেনি। ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোণা, রাজশাহীসহ বিভিন্ন রুটের বাসগুলো নির্দিষ্ট সময় পরপর টার্মিনাল ছেড়ে যাচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, আগামী দুই দিন যাত্রীর চাপ কিছুটা বাড়তে পারে, তবে সড়ক ও ব্যবস্থাপনার বর্তমান অবস্থা বজায় থাকলে এবারের ঈদযাত্রা হবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে নির্বিঘ্ন সফর।

