চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ নেশার টাকার জন্য নিজের সন্তানকে অপহরণ করে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি করার এক নজিরবিহীন ও বর্বরোচিত ঘটনা ঘটেছে। সাতক্ষীরার কলারোয়া উপজেলার আজিজুল ইসলাম (২৮) নামের এক ব্যক্তি তার সহযোগীকে নিয়ে নিজ সন্তানকে জিম্মি করে ভারতে অবস্থানরত স্ত্রীর কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা চালান। তবে চুয়াডাঙ্গা জেলা পুলিশ ও ডিবির তড়িৎ অভিযানে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধারসহ আটক করা হয়েছে অভিযুক্ত বাবা ও তার সহযোগীকে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত আজিজুলের স্ত্রী জীবিকার তাগিদে ভারতে কাজ করেন। দেশে বেকার আজিজুল নেশা ও ব্যক্তিগত খরচের জন্য প্রায়ই স্ত্রীর কাছে টাকা দাবি করতেন। সম্প্রতি স্ত্রী টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে ওঠে আজিজুল। স্ত্রীকে শায়েস্তা করতে এবং মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতে সে নিজের শিশু সন্তান সিয়ামকে অপহরণের ছক আঁকে।
গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে আজিজুল তার সহযোগী মো. আক্তারকে নিয়ে শিশুটিকে একটি নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে শিশুটির হাত বেঁধে গলায় ধারালো হাসুয়া ধরে মোবাইলে ছবি তোলা হয়। সেই বীভৎস ছবি ভারতে থাকা মায়ের কাছে পাঠিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে আজিজুল। টাকা না দিলে শিশুকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়। সন্তানের জীবন বাঁচাতে দিশেহারা মা তাৎক্ষণিক বিকাশের মাধ্যমে ১০ হাজার ৩০০ টাকা পাঠান।
ঘটনাটি পুলিশের গোচর হওয়া মাত্রই চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় অভিযানে নামে জীবননগর থানা পুলিশ ও ডিবি (সিসিআইসি) টিম। তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়। রাত সাড়ে ৯টার দিকে জীবননগর থানার পাকা দাসপাড়া এলাকায় চিরুনি অভিযান চালিয়ে অপহরণকারী বাবা আজিজুল ও তার সহযোগী আক্তারকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় অপহৃত শিশু সিয়ামকে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান সেখ জানান, “অভিযানকালে বিকাশে পাঠানো টাকার মধ্যে ৭ হাজার টাকা এবং অপহরণে ব্যবহৃত সেই ধারালো হাসুয়াটি আমরা উদ্ধার করেছি। নিজের সন্তানকে জিম্মি করে এমন অপরাধ নজিরবিহীন।”
গ্রেপ্তারকৃত দুজন বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

