বগুড়ার শেরপুরে চলন্ত মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ: ভাই-বোনসহ প্রাণ হারালেন ৩ জন

0
বগুড়ার শেরপুরে চলন্ত মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ: ভাই-বোনসহ প্রাণ হারালেন ৩ জন

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি চলন্ত মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রোড ডিভাইডারে সজোরে ধাক্কা লাগলে একই পরিবারের দুই ভাই-বোনসহ মোট ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও অন্তত ৯ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি হাইস মাইক্রোবাস ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। ছোনকা এলাকায় পৌঁছামাত্র চলন্ত অবস্থায় গাড়িটির গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের আকস্মিকতায় চালক নিয়ন্ত্রণ হারালে দ্রুতগতির মাইক্রোবাসটি মহাসড়কের মাঝখানের রোড ডিভাইডারে আছড়ে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন প্রাণ হারান।

নিহতরা সবাই রংপুর জেলার কাউনিয়া উপজেলার বাসিন্দা। তারা হলেন, মমিনুল ইসলাম রিন্টু (৩৮) বেসরকারি চাকরিজীবী। শিউলি বেগম (৪০) মমিনুলের বড় বোন। তায়েবা (১২) শহিদুল ইসলামের মেয়ে (পেশায় গৃহপরিচারিকা)।

বর্তমানে নিহতদের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনায় আহত ৯ জনকে দ্রুত উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন— ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (১), আরহাম (৭) ও হামিম (৩০)। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের কয়েকজনের শরীর দগ্ধ ও গুরুতর জখম হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মো. রইছ উদ্দিন, ইনচার্জ, শেরপুর হাইওয়ে পুলিশ বলেন, “খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানটি সরিয়ে নেওয়া হয়েছে।”

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটির কারণ খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।