পটুয়াখালী প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতরের অনাবিল আনন্দ যখন সবার ঘরে, ঠিক তখনই দীর্ঘ ৮ বছর আহত ঘরবন্দি এক প্রতিবন্ধী তরুণের পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মো. শহিদ হোসেন চৌধুরী।
আজ শনিবার সকাল ১০টার দিকে পটুয়াখালী সদর উপজেলার প্রত্যন্ত মিঠাপুর গ্রামের কৃষক এনছান মিয়ার ছেলে বায়েজিদের খোঁজ খবর নেন তিনি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ ৮ বছর আগে পরিবারের হাল ধরতে শ্রমিকের কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন বাইজিদ। সিমেন্টের বস্তা কাঁধে তোলার সময় ঘাড়ের রগ ছিঁড়ে যায় তার। এতে স্থায়ীভাবে প্রতিবন্ধী হয়ে পড়েন বাইজিদ। এরপর থেকেই ঘরবন্দি জীবনযাপন করতে বাধ্য হন তিনি।
তারা আরো জানান, দীর্ঘদিন চিকিৎসায় পরিবারটি আর্থিকভাবে নিঃস্ব হয়ে গেছেন। চলাফেরার জন্য ছিলনা প্রয়োজনীয় একটি হুইল চেয়ারও।
বিষয়টি প্রশাসনের নজরে এলে আজ ঈদের দিন তার বাড়িতে গিয়ে একটি হুইল চেয়ার উপহার দেন জেলা প্রশাসক।
হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে বাইজিদ বলেন, হঠাৎ এক দুর্ঘটনায় আমি অসহায় হয়ে পড়েছি। চিকিৎসা করাতে এখন নিঃস্ব আমার পরিবার । জেলা প্রশাসক স্যার ঈদের দিনে আমার বাড়িতে এসেছেন এটি আমার বড় পাওয়া।
জেলা প্রশাসক ড. মো. শহিদ হোসেন চৌধুরী বলেন,আহত প্রতিবন্ধী তরুণটি এতদিন ঘরবন্দি ছিল। একটি হুইল চেয়ারের অভাবে বাইরে বের হতে পারছিল না। বিষয়টি জানার পর আমি তার পাশে ছুটে এসেছি। ঈদের দিনে তার সঙ্গে কিছুটা আনন্দ ভাগাভাগি করতে পেরে ভালো লেগেছে।
সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তারেক হাওলাদারসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।

