বাংলাদেশ প্রতিবেদকঃ রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে পথচলা নতুন সরকারের এক মাস পূর্ণ হয়েছে। এই উপলক্ষ্যে আজ বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের অর্জিত সাফল্য এবং আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ব্রিফিংয়ে তিনি জুলাই বিপ্লবের যোদ্ধাদের আইনি সুরক্ষা, অর্থনৈতিক সহায়তা এবং ভিআইপি সংস্কৃতি বাতিলের ঘোষণা দেন।
তথ্যমন্ত্রী জানান, গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বীর যোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি (ইমিউনিটি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বলেন, “জুলাইযোদ্ধাদের অবদান জাতি চিরকাল মনে রাখবে। তাদের বিরুদ্ধে দায়ের হওয়া সকল হয়রানিমূলক ব্যবস্থা নিরসন করতে আগামী সংসদ অধিবেশনে একটি বিশেষ আইন পাস করা হবে।”
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার যে অত্যন্ত তৎপর, তা উল্লেখ করে মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার মাত্র ২১ দিনের মাথায় সরকার ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু করেছে। সারা দেশে ৪ কোটি ১০ লাখ পরিবারকে কার্ডের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে দেশের ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি সম্মানী প্রদান প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিটি নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
আগামী পহেলা বৈশাখ থেকে টাঙ্গাইল জেলায় কৃষকদের ভাগ্যবদলের নতুন হাতিয়ার ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক পর্যায়ে ২১ হাজার কৃষক এই কার্ডের সুবিধা পাবেন, যা পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।
জনগণ ও জনপ্রতিনিধির দূরত্ব ঘুচাতে বৈপ্লবিক সিদ্ধান্তের কথা জানান জহির উদ্দিন স্বপন। তিনি ঘোষণা করেন: সংসদ সদস্যরা এখন থেকে কোনো শুল্কমুক্ত গাড়ি (ট্যাক্স-ফ্রি কার) সুবিধা পাবেন না। সরকারি কোনো প্লট সুবিধা গ্রহণ করবেন না কোনো এমপি। প্রধানমন্ত্রীকে ঘিরে থাকা দীর্ঘ ভিআইপি প্রটোকল বহর স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও সরকার জনজীবন স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর। মন্ত্রী জানান, ইরানে আটকে পড়া ৪০০ বাংলাদেশিকে সরকারি খরচে সফলভাবে ফিরিয়ে আনা হয়েছে।
তিনি বলেন, “অতীতের সরকারগুলো গ্যাস উত্তোলনে চরম উদাসীনতা দেখালেও বর্তমান সরকার দেশীয় সম্পদ আহরণে জোর দিচ্ছে। এই মুহূর্তে দেশে কোনো জ্বালানি সংকট নেই এবং দাম বাড়ানোর কোনো পরিকল্পনাও সরকারের নেই। তাই জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি মজুদ না করার অনুরোধ জানাচ্ছি।”
ব্রিফিংয়ের শুরুতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে জয়ী করায় দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। তিনি প্রতিশ্রুতি দেন যে, এখন থেকে প্রতি মাসে সরকারের কর্মকাণ্ডের বিস্তারিত খতিয়ান জাতির সামনে নিয়মিত তুলে ধরা হবে।

