স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

0
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ প্রতিবেদকঃ যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরের আলো ফোটার সাথে সাথেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভোর ৬টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হন। সেখানে তারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ তারা সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল সশস্ত্র সালাম (গার্ড অব অনার) প্রদর্শন করে। রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পুনরায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সাভারে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা ফেরার পথে সকাল ৭টার মধ্যে প্রধানমন্ত্রী শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে শুরু হবে বর্ণাঢ্য কুচকাওয়াজ। সকাল ৯টা ৪৫ মিনিটে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন। সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই কুচকাওয়াজে অংশ নেবেন।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর স্মৃতিসৌধ এলাকা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং হাজার হাজার সাধারণ মানুষ হাতে লাল-সবুজের পতাকা ও ফুলের তোড়া নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসছেন। পুরো স্মৃতিসৌধ এলাকা এখন স্লোগানে মুখরিত।