বরগুনা প্রতিনিধিঃ বরগুনা জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের ডাকযোগে কাফনের কাপড় ও প্রাণনাশের হুমকি সংবলিত চিঠি পাঠানোর অভিযোগ উঠেছে। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে আগামী ১০ এপ্রিল নির্ধারিত আইনজীবী সমিতির নির্বাচন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. আবদুল লতিফ স্বাক্ষরিত এক জরুরি নোটিশের মাধ্যমে এই স্থগিতাদেশের কথা জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি চিঠিতে নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট আ. লতিফ ফরাজীর নাম উল্লেখ করে লেখা হয়েছে— “নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের পাতানো নির্বাচন বন্ধ কর, নতুবা তোমাদের পরিণতি সাদা কাফন।” চিঠির শেষে ‘সাধারণ সদস্যবৃন্দ, বরগুনা জেলা আইনজীবী সমিতি’ লেখা রয়েছে এবং এতে স্ট্যাপলার দিয়ে এক টুকরো সাদা কাফনের কাপড় পিনআপ করা ছিল।
এ বিষয়ে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট লতিফ ফরাজি বলেন, “সকালে ডাকযোগে এবং বাসভবনের দরজার নিচ দিয়ে আমাদের পাঁচজন নির্বাচন কমিশনারকেই সাদা কাফনের কাপড়সহ হুমকি সংবলিত চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, এই নির্বাচন করলে আমাদের পরিণতি হবে সাদা কাফন। এমন ভীতিকর ও অরুচিকর পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয় বলেই আমরা নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।”
প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, ১০ এপ্রিলের নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দিক থেকে অপ্রীতিকর ও শিষ্টাচারবহির্ভূত আচরণ করা হচ্ছে। এমনকি নির্বাচনের দিন ভয়াবহভাবে প্রতিরোধের হুমকিও দেওয়া হয়েছে। সার্বিক নিরাপত্তা ও পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
এদিকে, বিষয়টি নিয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম জানান, পুলিশ এখনো বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবগত নয়। তিনি বলেন, “আমাদের কাছে এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”
আইনজীবী সমিতির মতো একটি সম্মানজনক পেশাজীবী সংগঠনের নির্বাচনে এ ধরনের ‘কাফনের কাপড়’ পাঠিয়ে হুমকির ঘটনায় বরগুনার সচেতন মহলে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

