জনবল সংকটে ইসরায়েলি সামরিক বাহিনীতে ধসের আশঙ্কা: সেনাপ্রধানের ‘দশ সতর্কবার্তা’

0
জনবল সংকটে ইসরায়েলি সামরিক বাহিনীতে ধসের আশঙ্কা: সেনাপ্রধানের ‘দশ সতর্কবার্তা’

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ জনবল সংকটের মুখে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ভেতর থেকে ভেঙে পড়তে পারে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির। সম্প্রতি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

সেনাপ্রধান আইয়াল জামির বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক অভিহিত করে বলেন, “আইডিএফ ভেতর থেকে ধসে পড়ার আগে আমি ১০টি সুনির্দিষ্ট সতর্ক সংকেত দিচ্ছি।” সামরিক সূত্রগুলো জানিয়েছে, গাজা, লেবানন, সিরিয়া এবং পশ্চিম তীরের মতো একাধিক ফ্রন্টে একযোগে যুদ্ধ চালিয়ে যেতে গিয়ে ইসরায়েলি বাহিনী এখন চরম ক্লান্ত এবং জনবলশূন্যতায় ভুগছে। পর্যাপ্ত সৈন্য না থাকলে রণক্ষেত্রে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে বলে সামরিক কর্মকর্তারা সতর্ক করেছেন।

এই সংকটের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে অতি-রক্ষণশীল ‘হেরেদি’ ধর্মীয় জনগোষ্ঠীর সামরিক বাহিনীতে বাধ্যতামূলক অংশগ্রহণ না করার বিষয়টি। যুদ্ধের এই সংকটকালীন মুহূর্তেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের জোট সরকার টিকিয়ে রাখতে হেরেদিদের জন্য বাধ্যতামূলক সেনাসেবা আইনটি স্থগিত রেখেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার পতনের ভয়েই নেতানিয়াহু এই স্পর্শকাতর বিষয়ে হাত দিতে চাইছেন না।

সেনাপ্রধানের এই সতর্কবার্তার পর ইসরায়েলি রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ কড়া সমালোচনা করে বলেন, “ভবিষ্যতে কোনো বড় বিপর্যয় ঘটলে সরকার এই অজুহাত দিতে পারবে না যে তারা কিছু জানত না।” অন্যদিকে, সাবেক সেনাপ্রধান গাদি এইসেনকত অবিলম্বে সবার জন্য সমানভাবে সামরিক সেবা চালু করার দাবি জানিয়েছেন।