বিমল কুন্ডু : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সড়াতৈল গ্রামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র সোহেল রানা (২৪ )কে গলা কেটে হত্যার প্রতিবাদে এবং খুনিদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টায় উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবি সম্মলিত ব্যানার , ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শত শত নারী-পুরুষ অংশ নেন। প্রায় দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে নিহতের বাবা আজাদ মন্ডল, মা রুবি খাতুন, ভাই মনিরুল ইসলাম ও মামা সহ তার সজনরা বক্তব্য রাখেন। নিহত সোহেলের বাবা আজাদ মন্ডল ও মা রুবি খাতুন বলেন, গত ২০ মার্চ শুক্রবার (ঈদের আগের দিন) রাত ৮টার দিকে ৩/৪ জন যুবক কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ঈদ বোনাস দিচ্ছে এই কথা বলে সোহেলকে বাড়ি থেকে সিএনজি যোগে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এমনকি এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ ছিল। রাতভর খোঁজাখুঁজি করেও সোহেলের সন্ধান পাওয়া যায়নি।
তারা জানান, গত শনিবার (২১ মার্চ) ঈদের দিন সকালে পথচারীরা একই ইউনিয়নের চিনাধুকুরিয়া গ্রামের একটি ধান ক্ষেতে এক যুবকের গলাকাটা লাশ দেখতে পায়। খবর পেয়ে সোহেলের মা রুবি খাতুন ঘটনাস্থলে গিয়ে তার ছেলের লাশ শনাক্ত করেন। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে সোহেলের গলাকাটা লাশ উদ্ধার করে। এ ঘটনায় সোহেলের মা রবি খাতুন বাদী হয়ে ইউনিয়ন-বিএনপি নেতা সাইফুল ইসলামকে প্রধান আসামি করে ৪/৫ জন অজ্ঞাতনামাকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মানববন্ধনে বক্তারা কান্না জড়িত কন্ঠে বলেন, হত্যাকাণ্ডের ঘটনার ৭ দিন পরও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
তারা অভিযোগ করেন, আসামিপক্ষ প্রভাবশালী হওয়ায় থানা পুলিশ তাদের গ্রেপ্তার করতে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। বক্তারা অভিযোগ করেন বিএনপি নেতা সাইফুল ইসলাম পরিকল্পিতভাবে সোহেল রানাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করেছে।
বক্তারা অবিলম্বে সোহেল হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা সাইফুল ইসলাম সহ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার এবং ফাঁসির দাবি জানান। মানববন্ধন শেষে হাজারো নারী- পুরুষ বিএনপি নেতা সাইফুল ইসলাম সহ খুনিদের ফাঁসির দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সড়াতৈল ও কাশিনাথপুর গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য, ঈদের আগের দিন রাতে সোহেল রানাকে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ বিষয়ে শুক্রবার (২৭ মার্চ ) শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, সোহেলের খুনিদের গ্রেফতারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। তিনি আরো বলেন চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিষয়টি খুবই গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সোহেল হত্যা মামলায় আসামি হওয়ায় সাইফুল ইসলামকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত ২৫ মার্চ ২০২৬ তারিখে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বহিষ্কারের বিষয়টি অনুমোদন করেছেন।

