জয়নাল আবেদীন: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার নিয়ে রংপুরে শুরু হয়েছে বৃক্ষরোপণ কার্যক্রম। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার সকালে রংপুর-বড়বাড়ি-কুড়িগ্রাম জাতীয় মহাসড়কের নব্দীগঞ্জ এলাকায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেছেন, বৃক্ষ থেকে আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেন ফুল-ফল, খাদ্য ও বিভিন্ন সামগ্রী পেয়ে থাকি। এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নাই। এজন্য তিনি বেশি বেশি বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন।
রংপুরে বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কমসূচির অংশ হিসাবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন ।
এ সময় শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধকরণ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, বৃক্ষরোপণ কেবল গাছ লাগানো নয় বরং দুর্যোগ মোকাবিলা ও সবুজ ভবিষ্যৎ গড়তে একটি অপরিহার্য সামাজিক আন্দোলন। এই আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হলে, তাদের বৃক্ষরোপণ বান্ধব মানসিকতা তৈরি হবে। ফলশ্রুতিতে শিক্ষার্থীরা নিজস্ব উদ্যোগে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হবে। পরিবেশ সুরক্ষায় তিনি শিক্ষার্থীদের বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।
রংপুর জেলা প্রশাসন এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তর যৌথভাবে এই বৃক্ষরোপণ কার্যক্রমের আয়োজন করে। অনুষ্ঠানে রংপুর বন বিভাগের উপ-বন সংরক্ষক মোঃ নূরুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: মনিরুজ্জামান, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

