রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান: টার্গেট ২ কোটির বেশি শিশু

0
রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান: টার্গেট ২ কোটির বেশি শিশু

বাংলাদেশ প্রতিবেদকঃ সারাদেশে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আগামী ৫ এপ্রিল (রোববার) থেকে শুরু হচ্ছে বৃহৎ পরিসরে হামের টিকাদান কর্মসূচি। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এই ঘোষণা দেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এবারের অভিযানে মূলত ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টার্গেট করা হয়েছে। দেশের প্রতিটি প্রান্তে এই কার্যক্রম পরিচালিত হবে যাতে কোনো শিশু বাদ না পড়ে। মন্ত্রী জানান, মোট লক্ষ্যমাত্রা ২১.৯ মিলিয়ন (প্রায় ২ কোটি ১৯ লাখ) ডোজ টিকা। প্রতিটি শিশু পাবে এক ডোজ করে টিকা। আন্তর্জাতিক সংস্থা গাভি (GAVI) থেকে এই টিকাগুলো সংগ্রহ করা হয়েছে।

“শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে এই কর্মসূচির সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।” — স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টিকাদান কার্যক্রম চলাকালীন নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মীদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে প্রতিটি শিশুকে সুশৃঙ্খলভাবে টিকার আওতায় আনতে বিশেষ টিম গঠন করা হয়েছে।