ট্রাম্পের ভাষণের পরপরই ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা

0
ট্রাম্পের ভাষণের পরপরই ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতির উদ্দেশে দেওয়া বিশেষ ভাষণ শেষ হতে না হতেই ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে স্মরণকালের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাতে শুরু হওয়া এই হামলায় ১০০টিরও বেশি ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্তত ২০০টি রকেট ব্যবহার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

হামলার ঠিক আগ মুহূর্তে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, মার্কিন ও মিত্র বাহিনীর অভিযানে ইরানের নৌ ও বিমান শক্তি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তার উল্লেখযোগ্য বক্তব্যগুলো ছিল ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ক্ষমতা বর্তমানে তলানিতে এবং তাদের অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন। ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর সামরিক ভূমিকার প্রশংসা করে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র তাদের কক্ষনো ব্যর্থ হতে দেবে না।” ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সেনাদের দ্বারা আটকের ঘটনাকে তিনি বিশ্ব নিরাপত্তার জন্য এক বিশাল বিজয় হিসেবে উল্লেখ করেন। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে তিনি পুনরায় কঠোর সংকল্প ব্যক্ত করেন।

ট্রাম্পের ভাষণের কিছুক্ষণ পরই আলজাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ইসরায়েলের দিকে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার খবর নিশ্চিত করে। আইআরজিসি এক বিবৃতিতে এই হামলাকে ‘প্রতিরোধ ফ্রন্টের’ সম্মিলিত শক্তি প্রদর্শন বলে অভিহিত করেছে।

ইসরায়েলের অভ্যন্তরে একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে ভারী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত বাহরাইনের মার্কিন নৌ-ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। কুয়েতের এই ঘাঁটিতে মার্কিন হেলিকপ্টার ইউনিটকে লক্ষ্যবস্তু করা হয়। ইরানের দাবি অনুযায়ী, সেখানে তাদের হামলায় একটি মার্কিন হেলিকপ্টার সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-তে প্রচারিত বিবৃতিতে আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, এই হামলা কেবল শুরু এবং এটি “পূর্ণ তীব্রতা ও শক্তি” নিয়ে অব্যাহত থাকবে।

অন্যদিকে, ট্রাম্প তার ভাষণে কাসেম সোলাইমানি হত্যার প্রসঙ্গ টেনে এই যুদ্ধকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ‘সফল বিনিয়োগ’ হিসেবে বর্ণনা করলেও, মাঠপর্যায়ের চিত্র বলছে ভিন্ন কথা। ইরানের এই বিশাল পাল্টাপাল্টি হামলা ওয়াশিংটন ও তেল আবিবের নিরাপত্তা পরিকল্পনাকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প যখন দাবি করছেন মার্কিন নাগরিকরা এখন পারমাণবিক আতঙ্ক থেকে মুক্ত, ঠিক তখনই মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ইরানের আঘাত যুদ্ধের এক নতুন ও ভয়াবহ ধাপের সূচনা করল।