জবিতে পলেস্তারা আতঙ্কে ‘হেলমেট’ পরে পরীক্ষা: ঝুঁকিপূর্ণ ভবনে কাটছে না উদ্বেগ

0
জবিতে পলেস্তারা আতঙ্কে ‘হেলমেট’ পরে পরীক্ষা: ঝুঁকিপূর্ণ ভবনে কাটছে না উদ্বেগ

জবি প্রতিনিধিঃ মাথার ওপর পলেস্তারা খসে পড়ার আতঙ্ক, আর সেই আতঙ্ক থেকেই আত্মরক্ষার অভিনব পথ বেছে নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। জীবনের ঝুঁকি নিয়ে শ্রেণিকক্ষে বসতে হলেও অন্তত মাথাটা বাঁচাতে হেলমেট পরে পরীক্ষায় অংশ নিয়েছেন গণিত বিভাগের কয়েকজন শিক্ষার্থী। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১৮তম ব্যাচের সেমিস্টার পরীক্ষায় এমন নজিরবিহীন দৃশ্য দেখা যায়।

গত বুধবার সকালে গণিত বিভাগের ক্লাস চলাকালীন ছাদের একটি বড় অংশ খসে পড়ে। এই দুর্ঘটনায় ২০২৪–২৫ শিক্ষাবর্ষের দুই নবীন শিক্ষার্থী তানভীর নিয়াজ ফাহিম ও মাহফুজুর রহমান মিতুল গুরুতর আহত হন। এই ঘটনার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে তীব্র নিরাপত্তা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিজেদের নিরাপত্তার নিশ্চয়তা না পেয়ে শিক্ষার্থীরা ক্ষোভ ও শঙ্কা থেকে এই পথ বেছে নিয়েছেন। পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থী নাঈম বলেন, “ভবনটির অবস্থা এতটাই নাজুক যে কখন কার ওপর ছাদ ধসে পড়বে তার কোনো গ্যারান্টি নেই। তাই বাধ্য হয়ে হেলমেট পরেই খাতায় লিখছি।” নয়ন নামের আরেক শিক্ষার্থী অভিযোগ করেন, “দুজন সহপাঠী রক্তাক্ত হওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ভবন সংস্কার বা বিকল্প জায়গায় ক্লাস-পরীক্ষার কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এমন পরিস্থিতিতে আমরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের আবাসন ও অবকাঠামো সংকট এখন নতুন করে প্রাণের ঝুঁকি তৈরি করছে। পুরনো ও জরাজীর্ণ ভবনগুলোতে নিয়মিত সংস্কারের অভাবকে দায়ী করছেন সাধারণ শিক্ষার্থীরা। আজকের এই ‘হেলমেট পরে পরীক্ষা’ দেওয়ার ঘটনাটি মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের একটি নীরব কিন্তু কড়া প্রতিবাদ।

একাডেমিক ভবনগুলোর এমন বেহাল দশা উচ্চশিক্ষার পরিবেশকে চরমভাবে বিঘ্নিত করছে। শিক্ষার্থীরা বলছেন, যদি দ্রুত সংস্কার বা নতুন ভবনের ব্যবস্থা না করা হয়, তবে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে।