শর্ত ভেঙে বিপাকে গায়ক নোবেল: জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ

0
শর্ত ভেঙে বিপাকে গায়ক নোবেল: জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ

আদালত প্রতিবেদকঃ আদালতের দেওয়া আপসের শর্ত ভঙ্গ করে আবারো আইনি গ্যাঁড়াকলে পড়েছেন আলোচিত ও বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিনে থাকা এই শিল্পীর জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ শুনানি শেষে এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, আজ শুনানির নির্ধারিত দিনে নোবেল আদালতে হাজিরা দিতে এলে বাদীপক্ষ তার জামিন বাতিলের আবেদন জানায়। বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান জানান, ইতিপূর্বে আপসের শর্তে আদালত তাকে জামিন দিলেও নোবেল সেই শর্ত পালনে ব্যর্থ হয়েছেন। যথাযথভাবে আপস না করায় এবং শর্ত লঙ্ঘন করায় আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই মামলার সূত্রপাত গত বছরের ১৩ আগস্ট। আনাননিয়া শবনম রোজ নামে এক নারী নোবেলের বিরুদ্ধে ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। মামলার প্রধান অভিযোগগুলো হলো ভুক্তভোগী নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত ধাপে ধাপে প্রায় ১৩ লাখ টাকার বেশি অর্থ আত্মসাৎ। এই প্রতারণা চক্রে নোবেলের মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানা তাকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন।

মামলার পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শুরু করে এবং চলতি বছরের ৭ জানুয়ারি আদালতে নোবেলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা নিশ্চিত করে প্রতিবেদন দাখিল করে। গত ২ ফেব্রুয়ারি নোবেলসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ২৩ ফেব্রুয়ারি তাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৪ ফেব্রুয়ারি আপসের শর্তে তিনি আদালত থেকে জামিন পান।

আইনজীবীর মন্তব্য, “জামিন পাওয়া কোনো অধিকার নয়, বরং আদালতের দয়া এবং নির্দিষ্ট শর্তের অধীন। নোবেল সেই শর্তের অমর্যাদা করেছেন বিধায় আদালত আইন অনুযায়ী তাকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।”

উল্লেখ্য, সংগীতের চেয়েও বিতর্কিত কর্মকাণ্ড আর ব্যক্তিগত জীবনের নানা স্ক্যান্ডালের কারণে বারবার খবরের শিরোনাম হওয়া নোবেল এবার বড় ধরনের আইনি শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন।