বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের ফুলবাড়ী মধ্যপাড়া এলাকায় তুচ্ছ এক বাকবিতণ্ডার জেরে মো. রবিন (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহরের বানিয়াপাড়া এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে। নিহত রবিন শহরের উত্তর চেলোপাড়া এলাকার মিরাজের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সরকারি কবরস্থানের গাছের আতা ফল পাড়াকে কেন্দ্র করে স্থানীয় কিছু যুবকের সঙ্গে রবিনের বাকবিতণ্ডা হয়। আপাতদৃষ্টিতে বিষয়টি তুচ্ছ মনে হলেও প্রতিপক্ষ গ্রুপটি ক্ষুব্ধ হয়ে ওঠে। অভিযোগ উঠেছে, ঘটনার কিছুক্ষণ পর বিষয়টির ‘মীমাংসা’ করার কথা বলে রবিনকে বানিয়াপাড়া এলাকায় ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা।
রবিন নির্দিষ্ট স্থানে পৌঁছামাত্র ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও হকিস্টিক নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা রবিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। সেখান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল এবং তিনটি হকিস্টিক উদ্ধার করা হয়েছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, “কবরস্থানের আতা ফল পাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের সূত্রপাত। আমরা ইতিমধ্যে বেশ কয়েকজনের নাম পেয়েছি, যারা এই ঘটনার সাথে সরাসরি জড়িত। তদন্তের স্বার্থে এখনই নামগুলো প্রকাশ করছি না। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

