ভূমধ্যসাগরে ফের নৌকাডুবি: বাংলাদেশিসহ ৩২ জনকে জীবিত উদ্ধার, নিখোঁজ ৭০

0
ভূমধ্যসাগরে ফের নৌকাডুবি: বাংলাদেশিসহ ৩২ জনকে জীবিত উদ্ধার, নিখোঁজ ৭০

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে আবারও এক ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ইতালীয় কোস্ট গার্ড ও বাণিজ্যিক জাহাজের তৎপরতায় বাংলাদেশিসহ অন্তত ৩২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার অভিযানের সময় দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR) রোববার (৫ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্যমতে, শতাধিক আরোহী নিয়ে ছোট নৌকাটি লিবিয়ার তাজোরা বন্দর থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেছিল। কিন্তু যাত্রার মাত্র কয়েক ঘণ্টা পরই উত্তাল সমুদ্র এবং বৈরী আবহাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে যায়।

ইতালীয় কোস্ট গার্ডের মুখপাত্র রবার্তো ডি’অ্যারিগো জানান, “খবর পাওয়ার পরপরই লিবিয়া কর্তৃপক্ষের তদারকিতে একটি ইতালীয় মালবাহী জাহাজ এবং একটি লাইবেরীয় বাণিজ্যিক জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকৃত ৩২ জনই পুরুষ, যাদের মধ্যে একজন কিশোর রয়েছে।”

দাতব্য সংস্থা ‘মেডিটেরিয়ানে সেভিং হিউম্যানস অ্যান্ড সি-ওয়াচ’ জানিয়েছে, উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের নাগরিক রয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাদের সবাইকে ইতালির দক্ষিণ প্রান্তের ল্যাম্পেদুসা দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তারা সেখানে পর্যবেক্ষণে রয়েছেন।

সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা ভয়াবহ রূপ নিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী এ বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগরে অন্তত ৭২৫ জন নিখোঁজ বা প্রাণ হারিয়েছেন। মাত্র এক সপ্তাহ আগেই ল্যাম্পেদুসা দ্বীপ থেকে ৮০ নটিক্যাল মাইল দূরে একটি ডিঙি নৌকা থেকে ১৯টি মরদেহ উদ্ধার করেছিল ইতালীয় কোস্ট গার্ড।

নিখোঁজ ৭০ জনের সন্ধানে এখনো তল্লাশি চললেও সমুদ্রের প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের জীবিত পাওয়ার আশা ক্ষীণ হয়ে আসছে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। ইউরোপে উন্নত জীবনের আশায় অবৈধ পথে এই ঝুঁকিপূর্ণ যাত্রা প্রতিনিয়ত প্রাণ কেড়ে নিচ্ছে শত শত মানুষের।