সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি সুফিয়ান (৩০) কে মাত্র ১২ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। দ্রুত অভিযানে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব-৯ জানায়,গ্রেফতারকৃত সুফিয়ান জামালগঞ্জ উপজেলার সুজাতপুর গুচ্ছগ্রাম এলাকার আবুল কাশেমের ছেলে। ভুক্তভোগী কিশোরীও একই এলাকার বাসিন্দা।
ঘটনার বিবরণে জানা যায়,(২১ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী কিশোরী বাড়ির পাশের টিউবওয়েল থেকে পানি আনতে গেলে সুফিয়ান তাকে জোরপূর্বক নিজের বসতঘরে নিয়ে যায়। সেখানে কাপড় দিয়ে তার হাত-পা ও মুখ বেঁধে দরজা-জানালা বন্ধ করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি কাউকে না বলার জন্য তাকে হত্যার হুমকি দেয় এবং বিয়ের প্রলোভন দেখায়।ভুক্তভোগী দীর্ঘদিন ভয়ে বিষয়টি গোপন রাখলেও কিছুদিন পর তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করে মা জিজ্ঞাসাবাদ করলে পুরো ঘটনা প্রকাশ পায়। পরে ভুক্তভোগীর মামা বাদী হয়ে ৫ (এপ্রিল) জামালগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন।
মামলার পরপরই র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার একমাত্র এজাহারভুক্ত আসামি সুফিয়ানকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জামালগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের অপরাধ দমনে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

