নীলফামারী প্রতিনিধি : উত্তরবঙ্গ সফরের শুরুতেই আকস্মিক অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবস্থানকালে তিনি শারীরিকভাবে ভেঙে পড়েন। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুল্যান্সে করে রাজধানী ঢাকায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
দলীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাটে দুই দিনের এক সরকারি ও রাজনৈতিক সফরে যোগ দিতে সকালে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী। বিমান থেকে নেমে বিমানবন্দরের ভিআইপি রেস্টরুমে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় ও সাংগঠনিক আলোচনা করছিলেন তিনি। এ সময় হঠাৎ তীব্র মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তি অনুভব করায় তিনি জ্ঞান হারান।
মন্ত্রীর অসুস্থতায় তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানবন্দরে উপস্থিত নেতৃবৃন্দ দ্রুত তাকে নিকটস্থ সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার সাংবাদিকদের জানান “আমরা প্রথমে তাকে দুপুর ১২টা ১০ মিনিটের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে ঢাকায় পাঠানোর চিন্তা করেছিলাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে সাধারণ ফ্লাইটে নেওয়ার ঝুঁকি নিতে নিষেধ করেন।”
সিএমএইচের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আসাদুল হাবিব দুলুকে দ্রুত বিশেষায়িত চিকিৎসার আওতায় আনতে এয়ার অ্যাম্বুল্যান্স তলব করা হয়। ইতিমধ্যে ঢাকা থেকে একটি এয়ার অ্যাম্বুল্যান্স সৈয়দপুরের উদ্দেশে রওনা হয়েছে। সেটি পৌঁছানো মাত্রই তাকে ঢাকার এভারকেয়ার বা সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে নীলফামারী ও লালমনিরহাট জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে উদ্বেগ দেখা দেয়। হাসপাতালের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মী ভিড় করেছেন। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ দেশবাসীর কাছে আসাদুল হাবিব দুলুর দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন।

