শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়াচিথুলিয়া গ্রামের ঘাস ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) বিকেল ৩ টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ ওই উদ্ধার করে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় কৃষকেরা চড়াচিথুলিয়া গ্রামের চরপাড়া জমিতে কাজ করতে গেলে ঘাস ক্ষেতে এক কিশোরের গলাকাটা লাশ দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে এলাকার শত শত নারী পুরুষ ঘটনাস্থলে ভিড় জমায়। একপর্যায়ে খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয় ওই কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করে।
থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান উদ্ধার করা কিশোরের গলাকাটা ও একটি চোয়ালের অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে ক্রীম কালারের নতুন পাঞ্জাবি ও পায়জামা রয়েছে। পুলিশের ধারণা কমপক্ষে ২/৩ দিন আগে ওই কিশোরকে হত্যা করে এই ঘাস খেতে ফেলে রাখা হয়েছে।
নিহতের বয়স ১৩ থেকে ১৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। ওসি সাইফুল ইসলাম আরো জানান, ঘটনা তদন্তে সিআইডি পুলিশের একটি দলকে ঘটনাস্থলে আনা হচ্ছে ।

