কুমিল্লা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছেন। নিহতরা সবাই উত্তরবঙ্গ থেকে জীবিকার সন্ধানে কুমিল্লা যাচ্ছিলেন বলে জানা গেছে।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের অভিযোগ, মেঘনা ব্রিজ পার হওয়ার পর চালক তার সহকারীকে (হেলপার) ট্রাকটি চালাতে দেন। অনভিজ্ঞ হাতে গাড়ি চালানোর কারণেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনায় নিহত ৭ জনের লাশ নিজস্ব ব্যবস্থাপনায় ও অ্যাম্বুলেন্সযোগে তাদের গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুমিল্লা উত্তর জেলা শাখা।
মঙ্গলবার দুপুরে উত্তর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার এ ঘোষণা দেন। তিনি জানান নিহতদের লাশ যথাযথ সম্মানের সাথে পরিবারের কাছে পৌঁছে দিতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার সহায়তায় স্থানীয়ভাবে সমন্বয় করা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
জেলা জামায়াতের আমির আব্দুল মতিন গভীর শোক প্রকাশ করে বলেন, “দরিদ্র মানুষগুলো পেটের তাগিদে উত্তরবঙ্গ থেকে কুমিল্লা আসছিলেন। এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত।”
দুর্ঘটনার সংবাদ পেয়ে কুমিল্লা জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে নিহতদের পরিবারকে ২৫,০০০ টাকা (জনপ্রতি), আহতদের চিকিৎসায় ১৫,০০০ টাকা (জনপ্রতি)
প্রদান করা হয়েছে। বর্তমানে আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

