কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। ১৪ই এপ্রিল মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্যবাহী লোকজ মেলা ও বৈশাখী শোভাযাত্রাকে ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে কটিয়াদী সদর।
দিনের শুরুতে কটিয়াদী সরকারি কলেজ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা ও বৈশাখী শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ।উদ্বোধনী ঘোষণার পরপরই রঙিন ব্যানার ও বিভিন্ন ধরনের ফেস্টুন এ সজ্জিত হয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বৈশাখী শোভাযাত্রায় অংশ নেন। বাঙালির ঐতিহ্যকে তুলে ধরতে শোভাযাত্রায় গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, পালকি, লাঠি বারি খেলা প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, এতে স্থানীয় প্রশাসন, শিক্ষক -শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপি’র সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল আলম রফিক, কটিয়াদী বাজার বণিক সমিতির সভাপতি মোঃ ইলিয়াস আলী, কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরসালিন দারাশিকো সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান পহেলা বৈশাখ কে ঘিরে কটিয়াদীতে সৃষ্টি হয়, এক প্রাণবন্ত, আনন্দঘন পরিবেশের। বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসব নতুন উদ্যমে সবাইকে একত্রিত করে, ছড়িয়ে দিয়েছে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা।

