আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দীর্ঘ সংঘাতের পর অবশেষে ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই ঐতিহাসিক ঘোষণা দেন।
ইস্টার্ন টাইম (ET) বিকেল ৫টা থেকে এই যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে দীর্ঘ ৩৪ বছর পর দুই দেশের প্রতিনিধিরা ওয়াশিংটন ডিসিতে সরাসরি বৈঠকে বসেন।
প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি জানান, “আমি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনকে নির্দেশ দিয়েছি যাতে তারা ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি টেকসই শান্তি চুক্তির জন্য কাজ করেন। বিশ্বে এর আগে ৯টি যুদ্ধ সমাধানে আমি ভূমিকা রেখেছি, এটি হবে আমার দশম কাজ।”
সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হলেও ইসরায়েল ও লেবাননের মধ্যকার উত্তেজনা অব্যাহত ছিল। এর আগে পাকিস্তানকে যুক্ত করে লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনার চেষ্টা করা হলেও প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাতে সায় দেননি। ফলে ট্রাম্পের এই সরাসরি মধ্যস্থতা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি বড় মোড় হিসেবে দেখা হচ্ছে।
৩৪ বছর পর দুই দেশের উচ্চপর্যায়ের আলোচনা এবং ট্রাম্প প্রশাসনের এই সক্রিয় অবস্থান লেবানন সীমান্তে রক্তক্ষয় বন্ধের নতুন আশা জাগিয়েছে। তবে ১০ দিনের এই সাময়িক বিরতি শেষ পর্যন্ত স্থায়ী রূপ পায় কি না, এখন সেটিই দেখার বিষয়।

