‘আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে উঠতে হবে’: জামায়াত আমির

0
‘আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে উঠতে হবে’: জামায়াত আমির

বাংলাদেশ প্রতিবেদকঃ দেশের আর্থিক সম্পদ রক্ষা এবং জনস্বার্থ আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের অধিকার আদায়ের যেকোনো আন্দোলনে জামায়াতে ইসলামী অতন্দ্র প্রহরীর মতো পাশে থাকবে।

আজ শুক্রবার সকালে রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিগত নির্বাচনের কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, জাতীয় নির্বাচনে ব্যাপক ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে জুলাই বিপ্লবের চেতনাকে ধূলিসাৎ করা হয়েছে। সাবেক একজন উপদেষ্টা ও বর্তমান সরকারের একজন মন্ত্রীর বক্তব্যই প্রমাণ করে যে, নির্বাচনে কী পর্যায়ের কারচুপি হয়েছে। বৃহত্তর স্বার্থ ও সুস্থ রাজনীতির ধারা বজায় রাখতে জামায়াত নির্বাচনের ফলাফল মেনে নিলেও জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

সরকারের শাসন পদ্ধতির সমালোচনা করে আমির বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে দেশে এক ভয়াবহ ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছে। তিনি মন্তব্য করেন “অতীতের চেয়েও নতুন ধরনের ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। গণভোটের রায় প্রত্যাখ্যানের মধ্য দিয়েই এই নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে এবং সংসদে বিরোধী দলের কণ্ঠরোধ করার ফলে ১১ দলীয় জোট রাজপথে নামতে বাধ্য হচ্ছে।

গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদ পরিবেশনের বস্তুনিষ্ঠতা নিয়ে জামায়াত আমির স্পষ্ট অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে গণমাধ্যমের টুঁটি চেপে ধরে সত্য প্রকাশে বাধা দেওয়া হচ্ছে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে; কোনো বিভ্রান্তিকর রঙ মেশানো যাবে না। বক্তব্য বিকৃত বা ‘কাটপিস’ না করে পূর্ণাঙ্গ তথ্য প্রচার করতে হবে, অন্যথায় তা প্রচার না করাই শ্রেয়।

দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় সম্পদ লুণ্ঠন রোধে জনগণকে এখন সোচ্চার হতে হবে। সংসদ এবং রাজপথ—উভয় ময়দানেই জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে জামায়াতে ইসলামী সক্রিয় ভূমিকা পালন করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।