বিচার দাবিতে সংবাদ সম্মেলন পটুয়াখালীতে চাঁদা না পেয়ে যুবককে হামলা ও এসিড নিক্ষেপ অভিযোগ

0
বিচার দাবিতে সংবাদ সম্মেলন পটুয়াখালীতে চাঁদা না পেয়ে যুবককে হামলা ও এসিড নিক্ষেপ অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে মামুন খাঁ নামের এক যুবকের ওপর হামলা ও এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পটুয়াখালী প্রেসক্লাব আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মামুন খাঁ’র বাবা মোঃ আঃ গনি খাঁ।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র তার ছেলের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৩০ মার্চ রাতে উপজেলার কাকড়াবুনিয়া এলাকায় তার ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও দাবি করা হয়।

আহত অবস্থায় প্রথমে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবার হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

লিখিত বক্তব্য তিনি আরো জানান, এ ঘটনায় অভিযুক্ত মোঃ কামাল হোসেন (৫০), মোঃ হানিফ মৃধা (৪৪), আবুসালে মুছা (৩৮), মোঃ মাসকুর হাওলাদার (৪৫), মোঃ ছগির মল্লিক (৩২), মোঃ সিয়াম (৪০), আঃ রহিম চাঁন (৪৫), মোঃ আলমগীর হাওলাদার (৫০) ও প্রানতোষ (৪০)-এর নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়া তাদের সঙ্গে আরও ১০–১২ জন অজ্ঞাতনামা ভাড়াটে সন্ত্রাসী জড়িত রয়েছে বলেও অভিযোগ করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত কামাল হোসেনের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।